অ্যাডহক কমিটির অনিয়ম ও নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে কলাপাড়ায় মানববন্ধন অনুষ্ঠিত
মোঃ ফরিদ উদ্দিন বিপু, কলাপাড়া।।
পটুয়াখালীর কলাপাড়ায় ছোট বালিয়াতলী মুসুল্লীয়াবাদ আমিনিয়া দাখিল মাদ্রাসায় গোপনে এ্যাডহক কমিটি গঠন ও ঘুষ দুর্নীতির মাধ্যমে নিয়োগ বাণিজ্য বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা এগারোটায় উপজেলার বালিয়াতলী ইউনিয়নের ওই মাদ্রাসা প্রাঙ্গনে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য ইউসুফ আলম, অভিভাবক ইব্রাহিম তালুকদার, আবদুল আজিজ খান ও আবদুস সালাম। মানববন্ধনে ওই এলাকার শত শত মানুষ অংশগ্রহন করেন।
বক্তারা বলেন, মাদ্রাসার সুপার মাওলানা ফয়েজ উল্লাহ বেশ কিছুদিন আগে অভিভাবকদের না জানিয়ে গোপনে এডহক কমিটি গঠন করেন ও অবৈধভাবে মোটা অংকের ঘুষ নিয়ে শূন্যপদে নৈশ প্রহরী, আয়া ও পিয়ন পদে নিয়োগ দেন। তারা অনতিবিলম্ব অবৈধ নিয়োগ বাতিল ও অবৈধ কমিটি স্থগিতের দাবি জানান।
এ বিষয়ে মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা আ ব ম ফয়েজ উল্লাহ বলেন,এ্যাডহক কমিটি গঠন ও মাদ্রাসার নিয়োগ সরকারি নিয়ম অনুযায়ী হয়েছে। এতে কোন অনিয়ম করা হয়নি। আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন।

Comments
Post a Comment