কুয়াকাটায় মোটরসাইকেল চালক সাব্বির হাওলাদার (২২) কে একটি আবাসিক হোটেলে আটকে রেখে মারধর ও নির্যাতনের ঘটনার এক মাস পেরিয়ে গেলেও তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। অর্থাভাবে চিকিৎসা বন্ধ হয়ে যাওয়ায় বর্তমানে তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন বলে অভিযোগ পরিবারের।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, স্থানীয় মানুষের আর্থিক সহায়তায় কিছুদিন বরিশাল ও ঢাকায় চিকিৎসা চললেও পর্যাপ্ত অর্থের অভাবে তা বন্ধ হয়ে যায়। এখনো পর্যন্ত এ ঘটনায় কোনো আইনি প্রতিকার পায়নি পরিবারটি।
নির্যাতনের শিকার সাব্বিরের মা মোসাঃ পারভীন বেগম (৫৫) জানান, তার ছেলে মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। গত ১৭ জানুয়ারি ২০২৬ সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে কুয়াকাটা থেকে ফেরার পথে কুয়াকাটা যুবদল নেতা মো. রাসেল হাওলাদার (২৮) ও তার সঙ্গে থাকা অজ্ঞাতনামা আরও ২-৩ জন সাব্বিরকে জোরপূর্বক মোটরসাইকেলসহ কুয়াকাটার একটি আবাসিক হোটেলে নিয়ে যান। সেখানে রাত ১২টা পর্যন্ত তাকে এলোপাতাড়ি মারধর করা হয় বলে অভিযোগ।
একপর্যায়ে সাব্বির মোবাইল ফোনে পরিবারের সঙ্গে যোগাযোগ করে জানায়, তাকে ছাড়িয়ে নিতে ৫ হাজার টাকা দিতে হবে। পরিবারের পক্ষ থেকে বিকাশের মাধ্যমে টাকা পাঠানোর পর তাকে ছেড়ে দেওয়া হয়। পরে এ বিষয়ে আইনি সহায়তা নিতে গেলে অভিযুক্তরা পরিবারকে ভয়ভীতি ও হত্যার হুমকি দেয় বলেও অভিযোগ করেন পারভীন বেগম।
তিনি আরও জানান, ঘটনার পরপরই তিনি মহিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও এক মাস পেরিয়ে গেলেও পুলিশ মামলা হিসেবে তা রেকর্ড করেনি।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত যুবদল নেতা মোঃ রাসেল হাওলাদার দাবি করেন, সাব্বির একটি আড়ত থেকে দাদন (অগ্রিম) টাকা নিয়ে মাছ সরবরাহ না করায় আড়ত সংশ্লিষ্ট লোকজন তাকে কয়েকটি চড়-থাপ্পড় দেয়। এ ঘটনায় তিনি সরাসরি জড়িত নন বলেও দাবি করেন। বরং সাব্বিরের চিকিৎসার জন্য মানুষের কাছ থেকে টাকা তুলে পরিবারকে সহায়তা করেছেন বলে তিনি জানান।
এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত খান বলেন, ঘটনাটি সম্পর্কে তিনি আগে শুনেছিলেন এবং তখন একজন পুলিশ কর্মকর্তাকে খোঁজখবর নিতে দায়িত্ব দিয়েছিলেন। পরে জানতে পেরেছেন, ভুক্তভোগী পরিবার মামলা করতে আগ্রহী নয় এবং চিকিৎসার জন্য সহায়তা চেয়েছিল।
ওসি আরও বলেন, নির্বাচন সংশ্লিষ্ট কাজে ব্যস্ত থাকায় বিষয়টি আর অগ্রসর করা হয়নি। তবে বর্তমানে থানায় এ বিষয়ে কোনো লিখিত মামলা নেই বলেও তিনি দাবি করেন।

Comments
Post a Comment