অভাবের অন্ধকারে মানবতার আলো: হানিফ আকনের পাশে দাঁড়ালেন যুবনেতা

 

কলাপাড়ার কাগজ ডেক্স 

কলাপাড়া পৌর শহরের মঙ্গলসুখ রোডে ছোট্ট একটি চায়ের দোকান,এটাই ছিল হানিফ আকনের পরিবারের একমাত্র জীবিকার উৎস। কিন্তু কঠিন অভাব-অনটনের কারণে সেই দোকানটিও ছিল প্রায় খালি। চা বানানোর জন্য প্রয়োজনীয় একটি ফ্লাক্স পর্যন্ত ছিল না তার কাছে।

স্ত্রী ও ছয় মেয়েকে নিয়ে হানিফ আকনের সংসার যেন প্রতিদিনের সংগ্রামের প্রতিচ্ছবি। প্রতিদিন দোকান খুললেও প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে ক্রেতাদের চাহিদা পূরণ করতে পারতেন না তিনি। ফলে আয়-রোজগারও ছিল খুবই সীমিত, যা দিয়ে পরিবারের ভরণপোষণ করা প্রায় অসম্ভব হয়ে উঠেছিল।

এই করুণ অবস্থার খবর পেয়ে মানবিকতার হাত বাড়িয়ে দেন কলাপাড়া উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক হাজী মো. আবুল হাসনাত রিমন সিকদার। বুধবার রাতে তিনি নিজে উপস্থিত হয়ে হানিফ আকনের হাতে একটি চায়ের ফ্লাক্স, কাপসহ কিছু নগদ অর্থ তুলে দেন।

সহায়তা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন হানিফ আকন। কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “আমি কখনো ভাবিনি কেউ এভাবে আমার পাশে দাঁড়াবে। এই সহায়তা আমাকে নতুন করে বাঁচার আশা দেখিয়েছে।”

স্থানীয়দের মতে, এমন উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয় এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতে অন্যদেরও উৎসাহিত করে। তারা মনে করেন, সমাজের বিত্তবান ও সামর্থ্যবানরা এগিয়ে এলে হানিফ আকনের মতো অনেকেই নতুন করে ঘুরে দাঁড়াতে পারবেন।

মানবিকতার এই ছোট্ট প্রয়াসই যেন প্রমাণ করে, সামান্য সহায়তাও বদলে দিতে পারে একটি পরিবারের ভবিষ্যৎ।

Comments