কলাপাড়ার কাগজ ডেক্স
কলাপাড়া উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের রসুলপুর গ্রামে সরকারি খাস জমি দখলকে কেন্দ্র করে এক প্রবাসীর বাড়িতে বর্বরোচিত হামলার অভিযোগ উঠেছে। এই হামলায় মোসাঃ নার্গিস বেগম (৩৫) নামে এক নারীর দুই হাত ভেঙে গেছে বলে জানা গেছে। আহত হয়েছেন আরও অন্তত দুইজন।
স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী নার্গিস বেগম ও তার পরিবার গত পাঁচ বছর ধরে রসুলপুর গ্রামের ১নং ওয়ার্ডে ওয়াপদা সংলগ্ন একটি সরকারি খাস জমিতে বসতঘর তুলে বসবাস করে আসছেন। সম্প্রতি স্থানীয় ইউপি সদস্য ও যুবদল নেতা সোহেল হাওলাদার এবং যুবদল নেতা আল-আমিন ওই জমি দখলের চেষ্টা চালান। তারা নার্গিস বেগমের পরিবারকে ভিটা ছেড়ে চলে যাওয়ার জন্য গত এক সপ্তাহ ধরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হুমকি দিয়ে আসছিলেন।
মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে সোহেল ও আল-আমিনের নেতৃত্বে ১০-১৫ জনের একটি দল লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে নার্গিস বেগমের বাড়িতে অতর্কিত হামলা চালায়। অভিযোগ রয়েছে, হামলাকারীদের মধ্যে সোহেল মেম্বারের ছেলে ছাত্রদল নেতা জিসান হাওলাদারসহ স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্যরাও ছিল।
হামলাকারীরা বাড়িতে ঢুকে এলোপাতাড়ি মারধর শুরু করলে নার্গিস বেগম (৩৫), সাজেদা বেগম (৫০) এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সানজিদা (১১) গুরুতর আহত হয়। হামলার দৃশ্য ভিডিও করার চেষ্টা করলে হামলাকারীরা তাদের দুটি স্মার্টফোন ছিনিয়ে নেয়।
মারাত্মক আহত অবস্থায় স্থানীয়রা নার্গিস বেগমকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠান। চিকিৎসকরা জানিয়েছেন, হামলায় নার্গিস বেগমের দুই হাতই ভেঙে গেছে এবং শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে।
আহত নার্গিস বেগম জানান, আমি ঢাকায় গার্মেন্টসে চাকরি করি। ঈদের ছুটিতে বাড়ি এসেছি। সোহেল মেম্বার বেশ কয়েকদিন ধরেই আমাকে বাড়ি ছাড়ার ভয় দেখাচ্ছিল। আমার যাওয়ার কোনো জায়গা নেই বলে আমি ভিটা ছাড়তে রাজি হইনি। এজন্য তারা কিশোর গ্যাং নিয়ে এসে আমাকে নির্মমভাবে পিটিয়ে দুই হাত ভেঙে দিয়েছে।
অভিযুক্ত ইউপি সদস্য সোহেল হাওলাদার তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, আমি এ বিষয়ে কিছুই জানি না। আমার নেতৃত্বে কেউ সেখানে যায়নি। মারামারির ঘটনা শুনেছি তবে কারা জড়িত তা আমার জানা নেই।
মহিপুর থানা যুবদলের সভাপতি সিদ্দিকুর রহমান মোল্লা জানান, বিষয়টি তিনি অবগত হয়েছেন। তদন্ত সাপেক্ষে সত্যতা পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাব্বত খান বলেন, ঘটনাটি সম্পর্কে আমি শুনেছি। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Comments
Post a Comment