কলাপাড়ার কাগজ ডেক্স
মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে এবার সরাসরি জনগণের দোরগোড়ায় পৌঁছে গেলেন কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম।
শুক্রবার কলাপাড়া পৌরসভার এতিমখানা সংলগ্ন কবি নজরুল ইসলাম সড়কের ঐতিহ্যবাহী বায়তুর রহমাত জামে মসজিদে জুমার নামাজের খুতবার আগে মুসল্লিদের উদ্দেশে বক্তব্য রাখেন তিনি।
ওসি নজরুল ইসলাম বলেন, "মাদক, সন্ত্রাসী ও চাঁদাবাজদের এলাকায় কোনো আশ্রয় নেই। এলাকার সংসদ সদস্যও এ ব্যাপারে সোচ্চার। আমরা চাই এলাকা মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত হোক। তবে এটি শুধু পুলিশের একার পক্ষে সম্ভব নয় এ জন্য আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন।"
তিনি আরও বলেন, "মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান সম্পূর্ণ জিরো টলারেন্স। এ ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।"
ওসির এই সাহসী ও জনবান্ধব উদ্যোগকে স্বাগত জানিয়ে মুসল্লিরা বলেন, বিভিন্ন এলাকায় গিয়ে ওসি এভাবে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করলে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি উল্লেখযোগ্যভাবে কমে আসবে। জনগণের আস্থা অর্জনের লক্ষ্যে ওসি এসময় উপস্থিত মুসল্লিদের কাছে তাঁর ব্যক্তিগত মোবাইল নম্বরও প্রদান করেন, যাতে যেকোনো সমস্যায় সরাসরি তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়।

Comments
Post a Comment