কলাপাড়ার কাগজ ডেস্ক
কলাপাড়ায় রহমতপুর খালের উপর গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ ও সহকারী কমিশনার (ভূমি)-এর নেতৃত্বে যৌথভাবে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় এতিমখানা কালভার্ট এলাকা ও রহমতপুর অংশে খালের মধ্যে অবৈধভাবে নির্মিত বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী স্থাপনা ভেঙে ফেলা হয়। এর আগে পৌরসভা থেকে মাইকিং করে দখলদারদের স্বেচ্ছায় স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হলেও তারা তা মানেননি। পরে খালের জমি পুনরুদ্ধার ও পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে প্রশাসন উচ্ছেদ অভিযান চালায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে খালের জমি দখল করে বিভিন্ন ব্যক্তি স্থায়ী ও অস্থায়ী স্থাপনা নির্মাণ করেছিলেন। দীর্ঘ সময় পর প্রশাসনের এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন পরিবেশকর্মী ও পৌরবাসী। সকাল থেকেই বিপুল সংখ্যক মানুষ উচ্ছেদ অভিযানের প্রতি সমর্থন জানাতে ঘটনাস্থলে উপস্থিত হন।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ বলেন, রহমতপুর খালের সব ধরনের অবৈধ দখল উচ্ছেদ করা হবে। স্থাপনা অপসারণের পর সরকারি নির্দেশনা অনুযায়ী খাল খননের কাজ শুরু করা হবে। এ বিষয়ে একটি প্রস্তাবনা অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

Comments
Post a Comment