কলাপাড়ার কাগজ ডেক্স
পটুয়াখালীর কলাপাড়ায় গভীর রাতে মাটি খুঁড়ে ঘরে ঢুকে এক কলেজপড়ুয়া তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার রাত দেড়টার দিকে উপজেলার চম্পাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
ঘটনার পর ভুক্তভোগী শিক্ষার্থীকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
ভুক্তভোগী তরুণী জানান,শুক্রবার রাতে তার মা ছোট ভাইকে সঙ্গে নিয়ে নদীতে চিংড়ির রেনু আহরণে যান। এ সময় টিনশেড ঘরে একা ছিলেন তিনি। রাত দেড়টার দিকে ঘুম ভেঙে গেলে তিনি ঘরে দুই অজ্ঞাত ব্যক্তির উপস্থিতি টের পান। তখন তার পরনের কাপড় খোলা অবস্থায় ছিল বলে অভিযোগ করেন তিনি।
তার ভাষ্য, একজন মাথার পাশে এবং আরেকজন সামনে অবস্থান করছিল। তিনি বাধা দেওয়ার চেষ্টা করলে মুখোশধারী দুর্বৃত্তরা গলায় ধারালো বটি ধরে হত্যার হুমকি দেয়। অভিযোগ রয়েছে, তারা তাকে চেতনানাশক কিছু খাইয়েছে।
একপর্যায়ে সাহস করে তিনি চিৎকার শুরু করেন এবং আত্মরক্ষার্থে একটি কাঠের টুকরো দিয়ে প্রতিরোধের চেষ্টা করেন। পরে তার চিৎকার শুনে চাচা-চাচি এগিয়ে এলে অভিযুক্তরা পিছনের দরজা দিয়ে পালিয়ে যায়।
ভুক্তভোগীর চাচি বলেন, চিৎকার শুনে তারা ঘটনাস্থলে গিয়ে মেয়েটিকে প্রায় বিবস্ত্র অবস্থায় দেখতে পান। পরে ঘরের পেছনের বেড়ার নিচে মাটি খোঁড়া দেখতে পান, ধারণা করা হচ্ছে ওই পথ দিয়েই দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করেছিল।
তিনি আরও জানান, মেয়েটির শরীর থেকে অস্বাভাবিক গন্ধ বের হচ্ছিল এবং সে জানিয়েছে তাকে একাধিকবার ধর্ষণ করা হয়েছে।
এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। ভুক্তভোগীর মা একজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগীকে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
তিনি আরও জানান, জেলা পুলিশ সুপার বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

Comments
Post a Comment