সুইজ গেট বন্ধ থাকায় লবণ পানিতে প্লাবিত কৃষিজমি

 

কলাপাড়ার কাগজ ডেক্স 

পটুয়াখালীর কলাপাড়ায় অতিরিক্ত জোয়ারের লবণাক্ত পানিতে প্লাবিত হচ্ছে বিস্তীর্ণ ফসলি জমি। এতে শত শত কৃষক তাদের কৃষিজমি অনাবাদি হয়ে পড়ার আশঙ্কায় দিন কাটাচ্ছেন। ইতোমধ্যে নোনা পানির প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু জমি। শুধু কৃষিজমিই নয়, জোয়ারের পানি ঢুকে পড়েছে বসতবাড়ির আঙিনায়, তলিয়ে গেছে গ্রামীণ সড়কও। এমন দুর্ভোগের চিত্র দেখা গেছে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নিচকাঁটা ভাঙা সুইজ গেট সংলগ্ন এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে অরক্ষিত অবস্থায় পড়ে থাকা নিচকাঁটা সুইজ গেটটি দুই বছর আগে পুনর্নির্মাণের উদ্যোগ নেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বর্তমানে নতুন স্লুইস গেটের নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। শুধুমাত্র ব্লক বসানোর কাজ বাকি থাকলেও এরই মধ্যে পুরোনো ভাঙা স্লুইস দিয়ে অবাধে প্রবেশ করছে লবণাক্ত পানি। ফলে তলিয়ে যাচ্ছে বিস্তীর্ণ ফসলি জমি এবং বাড়ছে কৃষকদের দুর্ভোগ।

স্থানীয় কৃষকদের আশঙ্কা, নিচকাঁটা, নবীপুর, টুঙ্গিবাড়িয়া, মজিদপুর, নাওভাঙ্গা ও কুমিরমারাসহ অন্তত ১০টি গ্রামের শত শত একর কৃষিজমি মারাত্মক ক্ষতির মুখে পড়বে। অনেক জমিতে ইতোমধ্যে চাষাবাদ বন্ধ হয়ে গেছে। পাশাপাশি পানি ঢুকে পড়ায় বাড়িঘরের স্বাভাবিক পরিবেশ নষ্ট হচ্ছে। তলিয়ে যাওয়া রাস্তা-ঘাটের কারণে ব্যাহত হচ্ছে চলাচল, বিদ্যালয়ে যেতে পারছে না কোমলমতি শিক্ষার্থীরাও।

কুমিরমারা গ্রামের কৃষক সুলতান গাজী, নিচকাঁটা গ্রামের রশিদ মাতুব্বর, মিলন তালুকদার ও মাওলানা আব্দুর রশিদসহ স্থানীয়রা জানান, ভাঙা স্লুইস গেট দিয়ে প্রতিদিন জোয়ারের নোনা পানি ঢুকে ফসলি জমির ব্যাপক ক্ষতি করছে। দ্রুত নতুন সুইজ গেট চালু না হলে পুরো এলাকার কৃষি ব্যবস্থা বিপর্যয়ের মুখে পড়বে বলে আশঙ্কা তাদের।

এ বিষয়ে নতুন স্লুইস গেটের স্থানীয় ঠিকাদার আনোয়ার হোসেন সিকদার বলেন,অতিবৃষ্টির কারণে কাজ কিছুটা ব্যাহত হয়েছে। তবে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে আগামী এক মাসের মধ্যেই নতুন সুইজ গেট চালু করা হবে।

Comments