আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস

 


কলাপাড়ার কাগজ ডেক্স  

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ (৩ মে)। প্রতিবছরের মতো বাংলাদেশসহ সারা বিশ্বে নানা আয়োজনে দিবসটি পালিত হচ্ছে। এ বছরের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘শান্তিপূর্ণ ভবিষ্যৎ গড়ে তোলা’।

দিবসটি উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় র‌্যালি ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। কর্মসূচি অনুযায়ী সকাল ৯টায় রাজধানীর অফিসার্স ক্লাব থেকে তথ্য ভবন কমপ্লেক্স পর্যন্ত একটি র‌্যালি অনুষ্ঠিত হয়। এরপর সকাল সাড়ে ৯টায় সার্কিট হাউজ রোডে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। অনুষ্ঠানে গণমাধ্যমের স্বাধীনতা, দায়িত্বশীল সাংবাদিকতা এবং বর্তমান প্রেক্ষাপটে সংবাদপত্র ও সম্প্রচার মাধ্যমের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

এছাড়া বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠান ও সাংবাদিক সংগঠনগুলোর পক্ষ থেকেও দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে আলোচনা সভা, সেমিনার, মানববন্ধন এবং সচেতনতামূলক কার্যক্রম।

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের ইতিহাস বেশ তাৎপর্যপূর্ণ। ১৯৯১ সালে ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষার গুরুত্ব তুলে ধরে একটি সুপারিশ গৃহীত হয়। সেই সুপারিশের ভিত্তিতে ১৯৯৩ সালে জাতিসংঘ ৩ মে-কে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস হিসেবে ঘোষণা করে। এরপর থেকে প্রতিবছর দিনটি বিশ্বজুড়ে পালিত হয়ে আসছে।

দিবসটির মূল লক্ষ্য হলো গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা, মতপ্রকাশের অধিকার রক্ষা করা এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা জোরদার করা। একই সঙ্গে স্বাধীন সাংবাদিকতার মৌলিক নীতিমালা বজায় রাখা, গণমাধ্যমের স্বাধীনতায় যেকোনো ধরনের হস্তক্ষেপ প্রতিরোধ করা এবং দায়িত্ব পালনকালে প্রাণ হারানো সাংবাদিকদের স্মরণ করা হয় এ দিনে।

বাংলাদেশেও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে। এ উপলক্ষে বক্তারা স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করা, তথ্যপ্রবাহের স্বচ্ছতা বজায় রাখা এবং সাংবাদিকদের নিরাপত্তা জোরদারের ওপর গুরুত্বারোপ করছেন। পাশাপাশি গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক সমাজ গঠনের আহ্বান জানানো হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, প্রযুক্তির দ্রুত বিকাশের এই সময়ে গণমাধ্যমের সামনে যেমন নতুন সুযোগ তৈরি হয়েছে, তেমনি চ্যালেঞ্জও বেড়েছে। তাই স্বাধীনতা ও দায়বদ্ধতার মধ্যে ভারসাম্য বজায় রেখে গণমাধ্যমকে আরও শক্তিশালী ভূমিকা রাখতে হবে।

Comments