কলাপাড়ার কাগজ ডেক্স
পটুয়াখালীর কালাপাড়া উপজেলায় সাম্প্রতিক সময়ে নারী নির্যাতন, ধর্ষণ ও সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে কলাপাড়া উপজেলা প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন করেছে কলাপাড়ার সাধারণ ছাত্রজনতা। বুধবার (২০ মে) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ-এর মাধ্যমে জেলা প্রশাসকের বরাবর এ স্মারকলিপি দেওয়া হয়।স্মারকলিপিতে উল্লেখ করা হয়, কলাপাড়ায় একের পর এক নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটছে, যা স্থানীয় জনগণের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি করেছে। এসব ঘটনায় নারী ও শিশুরা নানাভাবে সহিংসতার শিকার হচ্ছেন এবং এতে সমাজ, রাষ্ট্র ও মানবিক মূল্যবোধ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
সাম্প্রতিক কয়েকটি আলোচিত ঘটনার কথাও স্মারকলিপিতে তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে, লতাচাপলী ইউনিয়নে লালুয়া তিন নদী এলাকা থেকে নারীর লাশ উদ্ধার, চম্পাপুর ইউনিয়নে শিশু ধর্ষণের ঘটনা এবং লালুয়া ইউনিয়ন ও চাকামইয়া ইউনিয়নে গৃহবধূ হত্যার মতো নৃশংস ঘটনা। অভিযোগ করা হয়, এসব ঘটনার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়ায় অপরাধীরা বারবার এমন অপরাধ করার সাহস পাচ্ছে।
এ সময় প্রশাসনের কাছে কয়েকটি দাবি তুলে ধরা হয়।
নারী নির্যাতন, শিশু ধর্ষণ ও হত্যার ঘটনাগুলোর দ্রুত ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা।অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা।নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনিক নজরদারি ও আইনশৃঙ্খলা কার্যক্রম জোরদার করা।শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও স্থানীয় পর্যায়ে সচেতনতামূলক কর্মসূচি বৃদ্ধি করা।ভুক্তভোগী ও তাদের পরিবারের নিরাপত্তা, চিকিৎসা ও মানসিক সহায়তা নিশ্চিত করা। নারী ও শিশু নির্যাতনের মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা
স্মারকলিপিতে আরও বলা হয়, প্রশাসনের আন্তরিক উদ্যোগ ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে কালাপাড়ায় নারী ও শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা সম্ভব। এ লক্ষ্যে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।
কলাপাড়ার সাধারণ ছাত্রজনতার পক্ষে কয়েকজন প্রতিনিধি স্মারকলিপিতে স্বাক্ষর করেন।

Comments
Post a Comment