কলাপাড়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

কলাপাড়ার কাগজ ডেক্স 

কলাপাড়া উপজেলায় মো. মরিয়ম বেগম (৩৮) নামের দুই সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামী নাসির সিকদার পলাতক রয়েছেন।

সোমবার (১৮ মে) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার চাকামইয়া ইউনিয়নের দরোগার তবক গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মরিয়ম বেগম দীর্ঘদিন সৌদি আরবে প্রবাস জীবন কাটিয়ে গত ৮ মে দেশে স্বামীর বাড়িতে ফেরেন। দেশে ফেরার পর থেকেই স্বামী নাসির সিকদার তার কাছে মোটা অঙ্কের টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে রোববার সন্ধ্যায় তাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ করেন স্থানীয়রা।

পরে ঘরের পাশের একটি বড় গাছের নিচে মরিয়ম বেগমের মরদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। ঘটনার পর থেকেই স্বামী নাসির সিকদার পলাতক রয়েছেন।

এ বিষয়ে কলাপাড়া থানা পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরিয়ম বেগমের মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি আত্মহত্যা নাকি হত্যা, তা তদন্ত করে দেখা হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও অবগত করা হয়েছে।
 

Comments