আবদুর রহমানের মহৎ উদ্যোগে গড়ে উঠল দৃষ্টিনন্দন মসজিদ

 

কলাপাড়ার কাগজ ডেক্স 

কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের একটি প্রত্যন্ত গ্রামে নিজ উদ্যোগে দৃষ্টিনন্দন ও নান্দনিক একটি মসজিদ নির্মাণ করে এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন মোঃ আবদুর রহমান। ধর্মীয় অনুশাসন পালনের সুযোগ বৃদ্ধি এবং স্থানীয় মুসল্লিদের নামাজ আদায়ের সুবিধার্থে তিনি এ মসজিদ নির্মাণ করেন।

জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকাবাসীর একটি সুন্দর ও পর্যাপ্ত সুযোগ-সুবিধাসম্পন্ন মসজিদের প্রয়োজন ছিল। বিষয়টি উপলব্ধি করে আবদুর রহমান নিজ বাড়ির জায়গায় মসজিদ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন। স্থানীয় কিছু মানুষ সামান্য আর্থিক সহযোগিতা করলেও নির্মাণ ব্যয়ের অধিকাংশই তিনি নিজে বহন করেন।

অজপাড়া গাঁয়ের নিরিবিলি পরিবেশে নির্মিত মসজিদটি এর আকর্ষণীয় নকশা ও সৌন্দর্যের কারণে ইতোমধ্যে সবার দৃষ্টি কেড়েছে। মসজিদটির নির্মাণশৈলী এবং আধুনিক সুযোগ-সুবিধা স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

মোঃ আবদুর রহমান বলেন, আমি ঢাকায় ব্যবসা-বাণিজ্য করি। মাঝেমধ্যে এলাকায় আসি। এখানে নামাজ আদায়ের জন্য একটি ভালো মসজিদের অভাব অনুভব করতাম। তাই সবার পরামর্শ ও সম্মতি নিয়ে মসজিদ নির্মাণের কাজ শুরু করি। এটি আমার পৈতৃক বাড়ির জায়গায় নির্মিত হয়েছে। বর্তমানে আমাদের পরিবারের সদস্যদের পাশাপাশি আশপাশের মুসল্লিরাও এখানে নিয়মিত নামাজ আদায় করেন।

তিনি আরও জানান, মসজিদ নির্মাণে ব্যবহৃত অধিকাংশ নির্মাণসামগ্রী ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা হয়েছে, যাতে মসজিদটি আরও টেকসই ও দৃষ্টিনন্দন হয়।

স্থানীয় মুসল্লিরা জানান, আবদুর রহমানের এই উদ্যোগ এলাকার মানুষের জন্য একটি বড় উপহার। সুন্দর পরিবেশে ইবাদতের সুযোগ সৃষ্টি হওয়ায় তারা অত্যন্ত আনন্দিত এবং তার জন্য দোয়া করছেন।

এলাকাবাসীর মতে, ধর্মীয় ও সামাজিক দায়িত্ববোধ থেকে নির্মিত এই মসজিদ ভবিষ্যৎ প্রজন্মের জন্যও একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

Comments