কলাপাড়ার কাগজ ডেক্স
কলাপাড়ায় এক লাখ টাকা চাঁদা দাবিকে কেন্দ্র করে শিল্পি বেগম (৪৫) নামে এক মধ্যবয়সী নারীকে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার ও সুষ্ঠু বিচারের দাবিতে কলাপাড়া উপজেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী।
মামলায় ধানখালী ইউনিয়নের উত্তর নিশানবাড়িয়া গ্রামের বাসিন্দা আমিনুল ইসলাম (৩৫), মিজানুর রহমান চৌকিদার (৪৮) ও তামিম (২২)-এর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে।
ভুক্তভোগীর অভিযোগ, আসামিরা পটুয়াখালী এলএ শাখার চিহ্নিত দালাল হিসেবে পরিচিত এবং ক্ষতিপূরণের টাকা উত্তোলনের কাজে তাদের সহযোগিতা না নেওয়ায় তারা ক্ষিপ্ত হয়ে চাঁদা দাবি ও বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, শিল্পি বেগম দীর্ঘদিন ধরে ধানখালী ইউনিয়নের উত্তর নিশানবাড়িয়া আবাসন প্রকল্পে বরাদ্দপ্রাপ্ত ঘরে বসবাস করে আসছেন। পরবর্তীতে ওই এলাকার ভূমি অধিগ্রহণ হলে তিনি ২০ শতাংশ ক্ষতিপূরণের আওতাভুক্ত হন। বিষয়টি জানতে পেরে আসামিরা পটুয়াখালী এলএ শাখা থেকে ক্ষতিপূরণের অর্থ উত্তোলনের দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেয়। তবে শিল্পি বেগম তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করে বিশ্বস্ত ব্যক্তিদের সহায়তায় টাকা উত্তোলন করেন।
এর জেরে আসামিরা ক্ষুব্ধ হয়ে তার বাড়িতে গিয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করে এবং সাত দিনের মধ্যে টাকা পরিশোধ না করলে খুন ও জখমের হুমকি দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, গত ২ জুন বিকেল ৩টার দিকে আসামিরা পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে শিল্পি বেগমের বাড়িতে এসে পুনরায় এক লাখ টাকা চাঁদা দাবি করে। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে আসামিরা তাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে। তার চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে আসামিরা বিভিন্ন ধরনের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
ভুক্তভোগী শিল্পি বেগম অভিযোগ করেন, আদালতে মামলা দায়েরের পরও আসামিরা তাকে ও তার পরিবারকে নিয়মিত ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে। তিনি প্রশাসনের হস্তক্ষেপ ও ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Comments
Post a Comment