কলাপাড়ার কাগজ ডেক্স
পটুয়াখালীর কলাপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে মোহন তালুকদার (৪০) নামে এক জেলেকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বুধবার রাত ৮টার দিকে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের লেমুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের শয্যায় চিকিৎসাধীন মোহন তালুকদার জানান, প্রায় দুই বছর আগে লেমুপাড়া গ্রামের মিজানুর তালুকদারের কাছ থেকে মৌখিক চুক্তিতে প্রায় ৯০ শতাংশ জমি দুই লাখ টাকায় কেনার কথা হয়। এ সময় তিনি বায়না হিসেবে এক লাখ ২০ হাজার টাকা পরিশোধ করেন। পরে তিনি জানতে পারেন, জমিগুলো সরকারি খাসজমি। বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয় এবং আদালতে মামলা হলে জমিটি খাসজমি হিসেবে প্রমাণিত হয়।
মোহনের অভিযোগ, এরপর থেকেই মিজানুর তালুকদার তাকে বিভিন্নভাবে হয়রানি করতে থাকেন। একাধিকবার মারধরের পাশাপাশি মিথ্যা মামলায়ও জড়ানো হয় তাকে। স্থানীয় জনপ্রতিনিধিদের দ্বারস্থ হয়েও তিনি কোনো সমাধান পাননি।
তিনি আরও জানান, বুধবার রাতে পাশের খালে মাছ ধরে বাড়ি ফেরার সময় বাড়ির প্রবেশমুখে পৌঁছালে মিজানুর তালুকদার, রাসেল মাতুব্বর, সজিব তালুকদার, করিম মাতুব্বর ও মিজানুর হাওলাদার দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালান। হামলায় তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে।
মোহনের ছোট ভাই সুজন দাবি করেন, এর আগেও তার ভাইকে কয়েকবার মারধর করা হয়েছে এবং নিয়মিত হুমকি দেওয়া হচ্ছিল। বুধবার রাতের হামলার পর অভিযুক্তরা তাদের ঘরে ঢুকে নগদ এক লাখ ৫০ হাজার টাকা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নিয়ে যায় বলেও অভিযোগ করেন তিনি। একই সঙ্গে তাকেও হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলে দাবি করে হামলার বিচার এবং জমি-সংক্রান্ত বিরোধের সুষ্ঠু নিষ্পত্তির দাবি জানান।
তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত মিজানুর তালুকদার বলেন,বুধবার আমি আদালতের কাজে পটুয়াখালী ছিলাম এবং রাত ৯টার দিকে বাড়ি ফিরেছি। মোহনের সঙ্গে আমার কোনো মারামারির ঘটনা ঘটেনি। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তবে জমি নিয়ে আমাদের বিরোধ রয়েছে এবং সে আমার কিছু জমি দখল করে রেখেছে।
এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


Comments
Post a Comment