কলাপাড়ার কাগজ ডেক্স
পটুয়াখালীর কলাপাড়ায় একটি মাধ্যমিক বিদ্যালয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্ত করতে গিয়ে সরকারি কর্মকর্তার কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। গত রোববার (১৯ জুলাই) উপজেলার লালুয়া এস.কে.জে.বি. মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুনায়েত হোসেন খানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে যান দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। অভিযোগ রয়েছে, তদন্ত চলাকালে প্রধান শিক্ষকের পক্ষের কয়েকজন ব্যক্তি তদন্তকাজে বাধা দেন এবং অভিযোগকারীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। এতে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।
অভিযোগে বলা হয়েছে, জুনায়েত হোসেন খান রাজনৈতিক প্রভাব খাটিয়ে অবৈধভাবে প্রধান শিক্ষক হয়েছেন। এ বিষয়ে আদালতে একটি মামলা বিচারাধীন রয়েছে বলেও অভিযোগকারীরা দাবি করেন। এছাড়া বিদ্যালয়ের অর্থ ব্যক্তিগত ও পারিবারিক কাজে ব্যয়, নিয়মিত জাতীয় পতাকা উত্তোলন না করা, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে দুর্ব্যবহার, অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর এবং বিদ্যালয় চলাকালে রাজনৈতিক কর্মকাণ্ড ও সালিশ-বাণিজ্যে জড়িত থাকার অভিযোগও আনা হয়েছে।
স্থানীয় সমাজসেবক আলাউদ্দিন তালুকদার, সাবেক অভিভাবক সদস্য সাহাবুদ্দিন হাওলাদার, অভিভাবক জহিরুল ইসলাম, শহিদ তালুকদার ও রবিউল ইসলাম বলেন, অভিযোগ তদন্তে আসা কর্মকর্তার কাজে প্রধান শিক্ষকের পক্ষের রিগান চৌকিদার, শহিদুল চৌকিদার ও অহিদুল চৌকিদার বাধা দেন। পরিস্থিতির কারণে তদন্তকারী কর্মকর্তা তদন্ত স্থগিত করে ফিরে যান। তারা সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
বিদ্যালয়ের একাধিক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে জানান, তদন্ত চলাকালে কয়েকজন বহিরাগত এসে অভিযোগকারীদের সঙ্গে খারাপ আচরণ করেন। তাদের দাবি, প্রধান শিক্ষক সহকারী শিক্ষকদের সঙ্গেও অসৌজন্যমূলক আচরণ করেন এবং প্রায়ই শোকজের ভয় দেখান।
তবে প্রধান শিক্ষক জুনায়েত হোসেন খান অভিযোগ অস্বীকার করে বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্তের জন্য সমবায় কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তি ও অভিযোগকারীরা উপস্থিত ছিলেন। সেখানে যারা তর্ক-বিতর্ক করেছেন, তাদের আমি চিনি না। আমার বিরুদ্ধে আনা সব অভিযোগই মিথ্যা ও ভিত্তিহীন।
এ বিষয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান বলেন, ঘটনাটি তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Comments
Post a Comment