রাসেল মোল্লা,কলাপাড়া
পটুয়াখালীর কলাপাড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ১২ জন জুলাইযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, দোয়া, পুষ্পস্তবক অর্পণ, প্রীতিভোজ, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতাসহ নানা কর্মসূচির আয়োজন করে উপজেলা প্রশাসন।
বুধবার (৫ আগস্ট) দুপুরে কলাপাড়া উপজেলা পরিষদের দরবার হলে আয়োজিত অনুষ্ঠানে জুলাইযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য ও বিএনপির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান। এতে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক, উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের কর্মসূচির মধ্যে ছিল সকাল ৯টায় পৌর শহীদ মিনারে জুলাই শহিদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, শহিদদের বিদেহী আত্মার শান্তি কামনা এবং জুলাইযোদ্ধাদের সুস্থতা ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনায় মসজিদ, মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনা। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খেপুপাড়া এতিমখানা হাফেজিয়া নূরানী মাদ্রাসায় প্রীতিভোজের আয়োজন করা হয়।
এ ছাড়া উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা, দিবস-সংশ্লিষ্ট চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অন্যদিকে দিবসটি উপলক্ষে কলাপাড়া উপজেলা বিএনপি শহরে একটি বর্ণাঢ্য র্যালি এবং দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে। এসব কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে নেতৃত্ব দেন সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন।

Comments
Post a Comment