কলাপাড়ার কাগজ ডেক্স
পটুয়াখালীর কলাপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীদের হামলায় মা ও তার এসএসসি পরীক্ষার্থী মেয়ে গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। হামলায় চম্পাপুর এম ইউ মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ফারজানা বেগমের (নাম অনুযায়ী) বাম হাতের কনিষ্ঠ আঙুল ভেঙে গেছে। আহত হয়েছেন তার মা হাওয়া বেগমও।
শনিবার (৮ আগস্ট) সকালে উপজেলার চম্পাপুর ইউনিয়নের মাছুয়াখালী গ্রামে এ হামলার ঘটনা ঘটে। পরে স্বজনরা আহত মা-মেয়েকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন।
আহত হাওয়া বেগম ও তার মেয়ে ফারজানা বেগমের অভিযোগ, ১১ বছর বয়সী স্কুলছাত্র রবিউলকে ‘মন্দ’ বলার কারণ জানতে চাওয়াকে কেন্দ্র করে প্রতিবেশী জামাল হাওলাদার, সোহেল হাওলাদার, নেছা বেগম, খাদিজা ও সুখী লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলা চালান।
তাদের অভিযোগ, হামলাকারীরা হাওয়া বেগমকে মাটিতে ফেলে শরীরের বিভিন্ন স্থানে লাঠি দিয়ে মারধর করেন। এতে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ও কালো দাগ দেখা দিয়েছে। এ সময় মায়ের চিৎকার শুনে মেয়ে ফারজানা এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। এতে তার বাম হাতের কনিষ্ঠ আঙুল ভেঙে যায়।
এ ঘটনায় আহতদের পরিবার আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে জামাল হাওলাদারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. ইলিয়াস তালুকদার বলেন, বিষয়টি আপনাদের মাধ্যমে জেনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।


Comments
Post a Comment