কলাপাড়ার কাগজ ডেক্স
"এ কেমন শত্রুতা নিরীহ প্রাণীর সঙ্গে" বিষাক্ত গ্যাস প্রয়োগ করে দুই শতাধিক দেশি মুরগি হত্যা করার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। রোববার ভোর রাতে কলাপাড়া পৌরশহরের সবুজবাগ এলাকায় এ ঘটনা ঘটে। এতে দিশেহারা হয়ে পড়েছে ভুক্তভোগী পরিবার। নিরীহ প্রাণীগুলোর সঙ্গে এমন বর্বরতায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
কলাপাড়া মঙ্গলসুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক হাকিম মৃধার স্ত্রী জানান, প্রায় দুই মাস আগে বাড়িতে দেশি মুরগি পালনের জন্য দুটি খামার তৈরি করেন তারা। পরে খামারে ২০০টি দেশি মুরগির বাচ্চা এনে যত্নসহকারে পালন শুরু করেন। বর্তমানে প্রতিটি মুরগির ওজন প্রায় ৬০০ থেকে ৭০০ গ্রাম হয়েছিল।
তিনি জানান, রবিবার (৩০ আগস্ট) রাত ৩টার দিকে ঘুমাতে যাওয়ার আগেও মুরগিগুলো জীবিত ছিল। পরে সকাল ৭টার দিকে ঘুম থেকে উঠে খামারে গিয়ে দেখতে পান, সব মুরগি মরে পড়ে আছে। তার ধারণা, ভোর রাতের কোনো একসময় দুর্বৃত্তরা বিষাক্ত গ্যাস প্রয়োগ করে মুরগিগুলো হত্যা করেছে।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবার সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন কলাপাড়া প্রাণিসম্পদ দপ্তরের উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আলী আহসান।
তিনি জানান,তীব্র বিষক্রিয়ার ফলে মুরগিগুলোর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Comments
Post a Comment