কলাপাড়ায় ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা আল-আমিন তালুকদার গ্রেফতার


কলাপাড়ার কাগজ ডেক্স 

পটুয়াখালীর কলাপাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চম্পাপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো. আল-আমিন তালুকদারকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কলাপাড়া উপজেলার চম্পাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাছুয়াখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১০ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে কলাপাড়া থানার একটি বিশেষ অভিযান চলাকালে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের অভিযোগে আল-আমিন তালুকদার তার সহযোগীদের নিয়ে পালিয়ে যান। এ ঘটনায় কলাপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক), ১৯(ক) ও ৪১ ধারায় মামলা করা হয়। ওই মামলায় আল-আমিন তালুকদার এজাহারনামীয় পলাতক আসামি ছিলেন।

পুলিশের দাবি, ওই অভিযানের সময় আল-আমিনের, সঙ্গে থাকা চারজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, পশ্চিম বাদুরতলী এলাকার রুনা বেগম (৪৫), তার মেয়ে মিম আক্তার (২৯), ছেলে রায়হান হোসেন (২৩) এবং কলাপাড়া পৌরসভার মাদ্রাসা রোড এলাকার রাজিব আকন (৩০)।

অভিযানকালে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ২০২ পিস ইয়াবা ট্যাবলেট ও এক কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে পুলিশের অভিযান টের পেয়ে আল-আমিন তালুকদার ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে তাকে গ্রেফতারের জন্য অভিযান ও অনুসন্ধান অব্যাহত রাখে পুলিশ।

এরই ধারাবাহিকতায় শনিবার রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা কলাপাড়া থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম জয় সঙ্গীয় ফোর্স নিয়ে চম্পাপুর ইউনিয়নের মাছুয়াখালী এলাকায় অভিযান চালিয়ে আল-আমিন তালুকদারকে গ্রেফতার করেন।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আল-আমিন তালুকদারকে মামলায় আইনগত প্রক্রিয়ার আওতায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে কলাপাড়া থানায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Comments