কলাপাড়ায় গাঁজাসহ মাদক মামলার আসামি আটক, ৬ মাসের কারাদণ্ড


রাসেল মোল্লা,কলাপাড়া।

পটুয়াখালীর কলাপাড়ায় ১০০ গ্রাম গাঁজাসহ মো. হাসান (৪৭) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। জরিমানা অনাদায়ে তাঁকে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

শনিবার (১৭ অক্টোবর) কলাপাড়া উপজেলা পরিষদের গেটসংলগ্ন এলাকা থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পটুয়াখালীর একটি চৌকস দলের সহযোগিতায় হাসানকে আটক করা হয়।

জানা গেছে, আটক হাসানের বিরুদ্ধে ইতোপূর্বে চারটি মাদক মামলা রয়েছে। আটকের পর তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৪২(১) ধারায় ভ্রাম্যমাণ আদালতে মামলা পরিচালনা করা হয়। আদালতের রায় ঘোষণা করেন কলাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক।

প্রাথমিকভাবে জানা গেছে, হাসান নীলগঞ্জ এলাকার রশিদ নামের এক দোকানদারের কাছ থেকে ওই গাঁজা কিনেছিলেন। তবে গাঁজার প্রকৃত উৎস এবং এ ঘটনায় অন্য কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করা প্রয়োজন।

মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Comments