কুয়াকাটায় মাদক সেবনের অভিযোগে কুয়াকাটা এক্সপ্রেসের দুই চালকের ২ মাসের কারাদণ্ড

কলাপাড়ার কাগজ ডেক্স 

পটুয়াখালীর কুয়াকাটা বাসস্ট্যান্ডে মাদক সেবনের অভিযোগে কুয়াকাটা এক্সপ্রেস বাসের দুই চালককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত দুই চালক হলেন মোঃ হিমেল (৩২) ও মোঃ মাহিম আহমেদ তন্ময় (৩২)।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ১০ টার দিকে কুয়াকাটা বাসস্ট্যান্ডে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পটুয়াখালীর একটি দল। পরবর্তীতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাঁদের এ দণ্ড প্রদান করেন।

অভিযানসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, এ সময় ৫ গ্রাম গাঁজা জব্দ করা হয় এবং পরে জব্দ করা গাঁজা পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অভিযুক্ত দুই চালক গৌরনদী এলাকার বিভিন্ন যাত্রাবিরতির হোটেল থেকে নিয়মিত মাদক সংগ্রহ করতেন বলে অভিযোগ রয়েছে।

গণপরিবহনের চালকদের মাদক সেবনের অভিযোগ যাত্রীদের নিরাপত্তার বিষয়টিকে নতুন করে সামনে এনেছে। যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে পরিবহন খাতে মাদকবিরোধী নজরদারি ও আইন প্রয়োগের ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।
 

Comments